ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২৯ জন। সোমবার স্থানীয় সময় ভোরে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের পরিচালক রদ্রিগো সোসমেনিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা এবং দাভাও অক্সিডেন্টাল প্রদেশে তিনজন মারা গেছেন। সান্তোস শহরের পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন জানিয়েছেন, ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ক্ষতিগ্রস্ত বাড়ি বা অন্যান্য অবকাঠামোয় প্রবেশ না করার জন্য জনসাধারণকে সতর্ক করেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে ৮ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬.২ মাইল।
ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ফিলিপাইনের কিছু উপকূলে ১০ ফুট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। তবে পরবর্তীতে সুনামি ঝুঁকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















