ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের প্রথমবার অংশগ্রহণ জাতীয় সংসদে এক নতুন মাত্রা যোগ করেছে। তাদের আগমনে সংসদকে ‘অনেক কালারফুল’ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত শেষে স্পিকার বলেন, নারী সদস্যদের আগমনের ফলে জাতীয় সংসদ পূর্ণতা পেয়েছে। তিনি তাদের অভিনন্দন জানান এবং সংসদে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্দেশে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে সংসদে নারী সদস্যদের আরও বেশি কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “আমরা যে ৫০ জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন, তাহলে আমরা ৫০টি অলংকার নয়, ৫০টি নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব।”
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে রেহানা আক্তার রানু বলেন, “আজ থেকে ৩০ বছর আগে আমি আপনার নির্বাচনি এলাকার জনসভায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনার জনপ্রিয়তা দেখেছি। আপনি সাতবার এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই।”
স্পিকার কার্যপ্রণালী বিধি অনুসরণ করে প্রশ্নে আসার অনুরোধ জানান এবং রসিকতা করে বলেন, সাতবার বক্তৃতা দিয়ে সাতবার এমপি হওয়া যায় না, তবে আপনারা এলাকায় মানুষের সঙ্গে মিশে কাজ করলে ২৭ বারও হতে পারবেন।
রিপোর্টারের নাম 



















