গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ্যপান করে সোহাগ মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ভাইসহ আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে, অন্যজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রবিবার (৭ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আহতদের স্বজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশিক ইকবাল।
জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে সোহাগ, তার ভাই সৈকত এবং মজিবর রহমান নামের তিনজন একসঙ্গে মদপান করেন। অসুস্থ বোধ করলে তাদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোহাগ ও মজিবরের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করেন। পরে সৈকতের অবস্থারও অবনতি হলে তিনজনকে ভোররাতে শজিমেকের দিকে নেওয়া হয়।
শজিমেক-এ যাওয়ার পথে সকাল ৭টার দিকে সোহাগের মৃত্যু হয়। অপর দুজনকে শজিমেক-এ ভর্তি করা হয়। মারা যাওয়া সোহাগ তরফকামাল গ্রামের শামসুল হকের ছেলে। অসুস্থরা হলেন- সৈকত ও মজিবর রহমান। সোহাগ ও সৈকত আপন দুই ভাই। মজিবর রহমান একই গ্রামের কষ্টু শেখের ছেলে।
মজিবরের মামাতো ভাই সারোয়ার জানান, সৈকতকে শজিমেক-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মজিবরের অবস্থা আরও খারাপ হওয়ায় বিকেলে তার আইসিইউ প্রয়োজন পড়ে। শজিমেক-এ আইসিইউ সংকট থাকায় বিকেল ৫টায় তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানেও আইসিইউ না পেয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মজিবরের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 



















