মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী এক বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় সোমবার সকালে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জরিপ শেখ। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালঘরের ময়লা পানি ফেলা নিয়ে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ও তার ছেলে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আসামিদের আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 
























