চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাছের খামারে নৌকা উল্টে একই পরিবারের দুই জনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাছের খামারটির মালিক মুহাম্মদ মফিজ এবং ব্যবসায়ী মুহাম্মদ আজাদের আড়াই বছর বয়সী কন্যা মুমতাহিনা আকতার।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মুমতাহিনা তার বাবা-মায়ের সাথে মাছের খামারে বেড়াতে এসেছিল। সন্ধ্যায় অন্য দুই শিশুর সাথে একটি নৌকায় করে খামারের আশেপাশে ঘুরতে বের হয় সে। হঠাৎ নৌকাটি উল্টে গেলে তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় খামারের মালিক মফিজ উদ্দিন তাৎক্ষণিক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেন। তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শিশু মুমতাহিনা নিখোঁজ থাকায় তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয় লোকজন পানিতে নেমে মফিজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর শিশু মুমতাহিনার মৃতদেহ উদ্ধার করা হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন এই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















