রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত ২৫ মে রাতে কালশী বস্তিতে লাগা আগুনে অসংখ্য ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে তারা মানবেতর জীবন যাপন করছে।
ঈদুল আজহার আনন্দমুখর সময়ে বস্তিবাসীদের এই কঠিন পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
খাবার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই কার্যক্রমে ৪১ জন আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাই করে না, বরং দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এই বাহিনী।
রিপোর্টারের নাম 























