পবিত্র ঈদুল আজহার পর রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণে পুরোদমে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন রাত থেকেই ধোলাইখাল গরুর হাটে পরিষ্করণ কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই হাট পরিষ্কার করার লক্ষ্যে দিনরাত কাজ করছেন শতাধিক পরিষ্করণকর্মী।
শুক্রবার (২৯ মে) রাজধানীর ধোলাইখাল গরুর হাট ঘুরে দেখা গেছে, হাটের বর্জ্য দ্রুত অপসারণে ডাম্প ট্রাক, কন্টেইনার ক্যারিয়ার, কম্পেক্টর, পে-লোডার, এক্সকাভেটর, ব্যাকহো লোডার ও পানিবাহী গাড়িসহ বিভিন্ন ভারী যানবাহন ব্যবহার করা হচ্ছে। এই যানবাহনগুলোর মাধ্যমে পশুর বর্জ্য সরাসরি মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ঈদের পর নগরবাসীর ভোগান্তি কমাতে এবং পরিবেশ দূষণ রোধে রাজধানীজুড়ে দ্রুত বর্জ্য অপসারণে একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি থেকে নগরবাসীকে রক্ষা করতে পরিষ্করণ কার্যক্রমের পাশাপাশি জীবাণুনাশক ছিটানোর কাজও করছে একাধিক পরিষ্করণ টিম।
ধোলাইখাল হাটে কর্মরত পরিষ্করণ কর্মী রিয়াজ জানিয়েছেন, সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হবে। তিনি আরও বলেন, গতকাল থেকে রাতদিন কাজ করছেন তারা এবং এই হাটে প্রচুর পরিমাণে বর্জ্য রয়েছে। কয়েক শতাধিক পরিষ্করণ কর্মী ও ভারী যন্ত্রপাতি কাজ করছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে।
রিপোর্টারের নাম 

























