ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। ঈদের দিনে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার শিকদারকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের কভারে বসে ঢাকা যাচ্ছিলেন নিহত আব্দুস সাত্তার। পথিমধ্যে বাসটি হঠাৎ করে বিকট শব্দে ব্রেক কষলে তিনি সজোরে ধাক্কা খেয়ে বাসের দরজা দিয়ে ছিটকে সড়কের উপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত আব্দুস সাত্তার ফরিদপুর সদর উপজেলার মফিজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
রিপোর্টারের নাম 



















