বুধবার সকাল থেকে রাজধানী ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কখনও মাঝারি, আবার কখনও ভারী বর্ষণের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে ঈদে বাড়ি ফেরা মানুষ এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সকাল ৮টার পর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি চলে। অনেক এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। যদিও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবে আকাশ এখনো মেঘলা রয়েছে এবং মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকা অঞ্চলেও দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করায় এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রিপোর্টারের নাম 

























