রাজধানীর নর্দা এলাকায় আজ সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নর্দা এলাকায় থেমে থাকা একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে আকাশ পরিবহনের একটি বাস নর্দায় দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস পেছন থেকে এসে আকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটির একটি অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১২ জন। দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের বাসটি সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। তারা একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























