কিশোরগঞ্জের মিঠামইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর কাছে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী সন্তান আয়ান। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার চালাতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চালবোঝাই একটি পিকআপ মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ভাতশালা সেতুর কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে এর সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পরিবারের তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ চালক শরীফ মিয়াকে আটক করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























