ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে সামান্য অর্থ সাশ্রয়ের আশায় রডবোঝাই একটি ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে উঠেছিলেন ২৪ জন যাত্রী। মধ্যরাতের নিস্তব্ধতায় যখন অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায় ট্রাকটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদের আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নেয় এবং নিহতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
সোমবার (২৫ মে) ভোর চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার সাগর মিয়া, রবিউল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নজরুল, মামুন এবং নওগাঁর নেয়ামতপুরের সারিকুল।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানান, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং হঠাৎ ট্রাক উল্টে যায়। তিনি আরও জানান, ট্রাকে থাকা অধিকাংশ যাত্রীই নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা চট্টগ্রাম ও ফেনী এলাকায় হকারের কাজ করতেন।
এক যাত্রী জানান, বাসের টিকিটের অতিরিক্ত ভাড়ার চেয়ে বাঁচতে তারা ট্রাকে উঠেছিলেন। চট্টগ্রাম থেকে তারা ২৩০০ টাকায় চারজন একটি ট্রাকে উঠেছিলেন, কিন্তু এই অর্থ সাশ্রয়ের আশায় তাদের দুই সহকর্মী প্রাণ হারান। ফেনী থেকে প্রায় ১৮ জন এবং ঢাকা ও অন্যান্য স্থান থেকে আরও কয়েকজন যাত্রী ট্রাকে ওঠেন। হতাহতরা অধিকাংশই পেশায় হকার ছিলেন এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।
রিপোর্টারের নাম 

























