তীব্র গরমের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সোমবার (২৫ মে) প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
রিপোর্টারের নাম 

























