যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তিটি অনুমোদনের জন্য দেশটির নেতৃত্বের আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস। রবিবার মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে মার্কিন কর্মকর্তারা আশাবাদী। তবে তারা এটিও স্বীকার করেছেন যে, চুক্তিটি এখনও চূড়ান্ত রূপ পায়নি এবং যেকোনো সময় এটি ভেস্তেও যেতে পারে।
এই সম্ভাব্য চুক্তিটি শেষ পর্যন্ত একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে নিয়ে যাবে কিনা এবং এতে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলোর সমাধান হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে রবিবার প্রথমার্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, কারণ ‘সময় এখন আমাদের পক্ষেই রয়েছে’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটিকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, একটি চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।
রিপোর্টারের নাম 






















