সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর দ্রুত উত্থান এবং অল্প সময়ের মধ্যে লাখ লাখ অনুসারী অর্জনের ঘটনায় এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের মা-বাবা গভীর উদ্বেগ ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। আইনি জটিলতা এবং ছেলের নিরাপত্তা নিয়ে তারা রীতিমতো চিন্তিত।
মাত্র এক সপ্তাহ আগে যাত্রা শুরু করা ককরোচ পার্টি ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি অনুসারী অর্জন করেছে। মূলত বেকারত্ব, শিক্ষা ও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ব্যঙ্গচিত্র, মিম এবং মন্তব্যের মাধ্যমে এটি দ্রুত তুমুল জনপ্রিয়তা লাভ করে।
তবে ছেলের এই অভাবনীয় জনপ্রিয়তায় শঙ্কিত মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা ভাগবান ও অনিতা দিপক। তারা চান না তাদের সন্তান কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক। অভিজিতের বাবা ভাগবান দিপক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন প্ল্যাটফর্ম তৈরি করা ঝুঁকিপূর্ণ। ছেলের মা অনিতা দিপক শুধু চান, তার সন্তান নিরাপদে বাড়ি ফিরে আসুক। তিনি রাজনীতির বিষয়ে ছেলের সিদ্ধান্তকে সমর্থন না করার কথা জানিয়েছেন।
জানা যায়, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল ভারতের প্রধান বিচারপতি সুর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে, যেখানে তিনি এক আইনজীবীকে তিরস্কার করতে গিয়ে ‘পরজীবী’ ও ‘তেলাপোকা’ শব্দ ব্যবহার করেছিলেন। পরবর্তীতে তিনি অবশ্য স্পষ্ট করেন যে তার মন্তব্যটি ভুয়া ও জাল ডিগ্রির মাধ্যমে পেশায় প্রবেশকারীদের উদ্দেশ্যে ছিল। তবে এই বিতর্কই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম সিজেপি তৈরির পটভূমি তৈরি করে, যেখানে তেলাপোকাকে প্রতীক হিসেবে গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 





















