আকাশচুম্বী ভবন মানেই সোজা ওপরের দিকে উঠে যাওয়া, এটাই স্বাভাবিক। কিন্তু চীন এবার তৈরি করেছে এক অভিনব আনুভূমিক ভবন, যা স্থাপত্য জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘দ্য ক্রিস্টাল’ নামের এই কাঠামোটি ৩০০ মিটার দীর্ঘ এবং এটি ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে চারটি প্রচলিত খাড়া ভবনের ওপর চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। এটিই বর্তমানে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ আনুভূমিক আকাশচুম্বী ভবন হিসেবে পরিচিতি লাভ করেছে।
ব্যস্ত ও জনবহুল চংকিং শহরের ইয়াংজি এবং জিয়ালিং নদীর মিলনস্থলে নির্মিত এই ভবনটি চীনের ইতিহাসে অন্যতম এক উচ্চাভিলাষী স্থাপত্য প্রকল্প। আনুভূমিক আকাশচুম্বী ভবন বা স্কাইব্রিজ পৃথিবীতে নতুন কিছু নয়; সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস কিংবা বেইজিংয়ের লিংক হাইব্রিড এর বড় উদাহরণ। তবে ‘দ্য ক্রিস্টাল’ যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটি একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক খাড়া টাওয়ারকে যুক্ত করা সর্বোচ্চ স্কাইব্রিজ।
প্রায় ১১০ কোটি ডলার প্রাক্কলিত বাজেটের এই প্রকল্পের বাইরের আবরণ তৈরিতে প্রায় ৩ হাজার কাচের প্যানেল এবং ৫ হাজার অ্যালুমিনিয়ামের টুকরো ব্যবহার করা হয়েছে। তবে এগুলোকে শূন্যে জোড়া লাগানোই ছিল প্রকৌশলীদের জন্য আসল চ্যালেঞ্জ। ৩০০ মিটার দীর্ঘ এই কাঠামোর সাতটি বড় অংশ প্রথমে মাটিতে তৈরি করা হয়। এরপর অত্যন্ত নিখুঁত হাইড্রোলিক প্রযুক্তির সাহায্যে সেগুলো ২৫০ মিটার ওপরে তুলে জোড়া দেওয়া হয়। বাকি অংশগুলো সরাসরি টাওয়ারগুলোর ওপর বসানো হয়েছে। এই ভবনের কেবল স্টিলের কাঠামোর ওজনই ১২ হাজার টন, যা আইফেল টাওয়ারের ওজনের সমান!
নিচের চারটি ভবনের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি ‘দ্য ক্রিস্টাল’ বিনোদন ও বসবাসের জন্য একটি দারুণ জায়গা। এর মূল আকর্ষণ হলো ১ হাজার ৫০০ বর্গমিটারের কাচের মেঝেযুক্ত ‘এক্সপ্লোরেশন ডেক’, যেখান থেকে চংকিং শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এছাড়াও এই স্কাইব্রিজে রয়েছে ছাদবাগান, বার, রেস্তোরাঁ, অনুষ্ঠান আয়োজনের জায়গা, একটি প্রাইভেট ক্লাব এবং দুটি ৫০ মিটার দীর্ঘ ইনফিনিটি পুল।
রিপোর্টারের নাম 





















