ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে গিয়ে নিজেদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ নিয়ে সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা তাদের থাড (THAAD) অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টরের অর্ধেকেরও বেশি ব্যবহার করে ফেলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র দুই শতাধিক থাড ইন্টারসেপ্টর ছাড়াও বিপুল পরিমাণ এসএম-৩ এবং এসএম-৬ ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে। বিপরীতে ইসরায়েল তাদের নিজস্ব প্রযুক্তির অ্যারো এবং ডেভিডস স্লিং সিস্টেম থেকে তুলনামূলক কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে এবং ইরানের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হলে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রকে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। যদিও মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন দাবি করেছে, তাদের সামরিক সক্ষমতা বিশাল এক নেটওয়ার্কের অংশ এবং এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
তবে ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র সংকটের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তারা ভবিষ্যতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের উৎপাদন নাটকীয়ভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে এই সামরিক অস্থিরতা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 






















