কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের অপূর্ব তাইফ ইফতি (১৭) এবং একই এলাকার সাকিবুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ করে দুই বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের বাঁচাতে হাফিজ নামের এক স্থানীয় ব্যক্তি এগিয়ে আসেন। তিনি ওই দুই কিশোরকে উদ্ধার করতে পারলেও নিজে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে উদ্ধারকারী ওই ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নদী থেকে উদ্ধারের পর ইফতি ও সাকিবুলকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























