পিরোজপুরের স্বরূপকাঠিতে বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাগান ভ্রমণে গিয়ে ট্রলার থেকে পড়ে মো. মুহিন সরদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার প্রবাসী মনির সরদারের ছেলে।
সহপাঠীরা জানান, আনন্দভ্রমণের জন্য ভাড়া করা একটি চলন্ত ট্রলারের সামনের অংশে বসে ছিল মুহিন। হঠাৎ ভারসাম্য হারিয়ে সে খালের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আনন্দভ্রমণ বিষাদে রূপ নেয় এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা প্রবাস থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 























