বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা এক হত্যা মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আসাদুজ্জামান আসাদ (৩০) নামের ওই আসামি হাজতখানার বাথরুমে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আসাদ সারিয়াকান্দি উপজেলার একটি অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। শনিবার তাকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা থাকলেও তার আগেই বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দ্রুত উদ্ধার করে স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন। ডিবি পুলিশ জানিয়েছে, নিহতের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























