২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির গভীর দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ও চেতনা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না এবং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বুলু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ভিত্তিমূল্য এবং একে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে একদলীয় শাসন কায়েম করেছিল, তখনই তাদের পতন অনিবার্য হয়ে উঠেছিল।
শিক্ষা খাতের বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, গত দেড় দশকে লেখাপড়া ছাড়াই ‘অটো পাস’ ও জিপিএ-৫ দেওয়ার যে সংস্কৃতি চালু করা হয়েছিল, তা পুরো জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থীও উচ্চশিক্ষার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা প্রমাণে ব্যর্থ হচ্ছে। অনুষ্ঠানে ভাসানী জনশক্তি পার্টির শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























