আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করার সুপারিশ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই সুপারিশ তুলে ধরা হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারি শারমিন রহমান সরকারের প্রতি কিছু জরুরি সুপারিশ পেশ করে বলেন, বিগত বছরগুলোর তুলনায় ঈদযাত্রাকালীন সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনেছে। তিনি জোর দিয়ে বলেন, ঈদযাত্রাকে নিরাপদ করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল কঠোরভাবে বন্ধ করা, চালকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এছাড়াও ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা, স্পিডগানের মাধ্যমে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, টোল প্লাজায় দ্রুত ডিজিটাল বুথ স্থাপন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হয়েছে।
সভায় শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম হাইওয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে পর্যাপ্ত সংখ্যক হাইওয়ে পুলিশ মোতায়েন এবং বাস টার্মিনাল থেকে যাতে ফিটনেসবিহীন বাস বের হতে না পারে, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান। দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহ্ছান শিপু বলেন, ঈদের সময় টোলপ্লাজা বা ব্রিজের উপর গাড়ির দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি করে। এই যানজট নিরসনে টোলপ্লাজায় বুথের সংখ্যা বাড়ানো প্রয়োজন। দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম উল্লেখ করেন, দেশে অনেক আইন প্রণয়ন হলেও সেগুলোর বিভিন্ন ফাঁকফোকরের সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। সড়ক পরিবহন আইনেও এমন কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে কার্যকর প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। জাগোনিউজ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় বলেন, গণমাধ্যমে সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
রিপোর্টারের নাম 






















