বাংলাদেশের তৈরি পোশাকশিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। সম্প্রতি আরও তিনটি পোশাক ও সংশ্লিষ্ট শিল্পকারখানা পরিবেশবান্ধবতার জন্য ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত মোট তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭-এ। এর মধ্যে ১২৪টি প্লাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটিং পেয়েছে।
বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই এখন বাংলাদেশের। পরিবেশবান্ধব শিল্পায়ন, জ্বালানি সাশ্রয় এবং টেকসই উৎপাদনে এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
খাত সংশ্লিষ্টদের মতে, একসময়ের কম দামি পোশাক উৎপাদনের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন ধীরে ধীরে ‘সবুজ ও টেকসই পোশাকশিল্পের বৈশ্বিক হাব’ হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করছে। নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশবান্ধব অবকাঠামো, জ্বালানি দক্ষতা এবং পানি ব্যবস্থাপনায় বড় বিনিয়োগের সুফল এখন দৃশ্যমান হচ্ছে।
সম্প্রতি লিড সনদ পাওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি গাজীপুরে এবং একটি সাভারে অবস্থিত। তিনটি কারখানাই প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। গাজীপুরের অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত বিগ বস করপোরেশন লিমিটেড ‘লিড বিডি প্লাস সি: ওয়্যারহাউসেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার্স ভার্সন ৪’ রেটিং সিস্টেমে ৯০ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে। অত্যাধুনিক গুদাম ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা এবং পরিবেশবান্ধব অবকাঠামোর কারণে প্রতিষ্ঠানটি উচ্চ স্কোর অর্জন করেছে বলে জানা গেছে।
দ্বিতীয় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ইউনিয়ন লেবেল অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড, যা ইউনিয়ন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ‘লিড ও প্লাস এম: এক্সিস্টিং বিল্ডিংস ভার্সন ৪.১’ রেটিং সিস্টেমে ৮৫ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করে। বিদ্যমান ভবনকে পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ।
তৃতীয় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি সাভারের তেঁতুলঝোড়ায় অবস্থিত একটি যৌথ শিল্প কমপ্লেক্স। ভারটেক্স ওয়্যার লিমিটেড, ড্রেস ওয়ার্ল্ড লিমিটেড এবং নিও ফ্যাশন লিমিটেড-এর এই যৌথ কারখানাটি ‘লিড বিডি প্লাস সি: নিউ কনস্ট্রাকশন ভার্সন ৪’ রেটিং সিস্টেমে প্লাটিনাম সনদ লাভ করেছে।
রিপোর্টারের নাম 






















