মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীতে বর্ণাঢ্য এক যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইএসএসইউপি) বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
সকাল ৮টায় রমনা পার্কের স্টার গেট থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল গেটে গিয়ে শেষ হয়। এতে শতাধিক তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেন এবং মাদক প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অংশগ্রহণকারীরা পরিবারের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পদযাত্রা শেষে যুব প্রতিনিধিরা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। সেখানে বক্তারা মাদক নির্মূলে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচি তরুণদের মাঝে সচেতনতা বাড়াতে এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। দিবসটি উপলক্ষে টি-শার্ট ও লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচার চালানো হয়।
রিপোর্টারের নাম 





















