আসন্ন ঈদুল আজহা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশ জনসাধারণকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে পরিকল্পিত ভ্রমণ, চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে তাগাদা না দেওয়া, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করা এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট না বসানো।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ঈদযাত্রায় যারা বাড়ি যাবেন, তারা ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটে অতিরিক্ত ভিড় এড়ানো সহজ হবে। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহনকারী বাস, ট্রেন, লঞ্চ, স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
পুলিশ যাত্রাপথে চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগাদা না দেওয়ার এবং নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালায় সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়াও, হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন ব্যবহার পরিহার করা, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি না চালানো এবং ট্রেনে ভ্রমণের সময় মালামাল নিজ দায়িত্বে রাখা ও বিনা টিকিটে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে এবং সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিতে বা ৯৯৯-এ কল করতে বলা হয়েছে। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত পশু বোঝাই না করা, মহাসড়কের ওপর এবং রেললাইনের পাশে পশুর হাট না বসানো এবং পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করার কথা বলা হয়েছে। কেউ অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। পশুবাহী পরিবহনের সামনে পশুর গন্তব্য, স্থান বা পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























