ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক মিষ্টি মুহূর্তের ভিডিও সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মোদি ইতালির প্রধানমন্ত্রীকে এক প্যাকেট ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন। ধারণা করা হচ্ছে, দুই নেতার নাম মিলিয়ে ‘মেলোডি’ নামক এই জনপ্রিয় টফির প্রতি ইঙ্গিত করেই মোদি এই রসাত্মক উপহারটি দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রীর ইতালি সফরের সময় অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, নীল স্যুট পরিহিত মোদি এবং সাদা স্যুট পরিহিত মেলোনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন। এ সময় মোদি মেলোনির হাতে ভারতের জনপ্রিয় ‘মেলোডি’ চকলেটের একটি প্যাকেট তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি শেয়ার করে ইতালির প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উপহারের জন্য ধন্যবাদ।’
ভিডিওতে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন…খুব, খুবই ভালো টফি।’ দুই নেতার এই মজার মুহূর্তের ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। এটি প্রায় ১০ লাখ ভিউ, ৬০ হাজারেরও বেশি রিয়্যাকশন এবং প্রায় ৫ হাজার মন্তব্য কুড়ায়।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যবহারকারীরা এটিকে ‘অনবদ্য #মেলোডি ক্রসওভার’ হিসেবে আখ্যায়িত করেন। এক্স এবং ইনস্টাগ্রাম স্ক্রিনশট, মিম ও এডিট করা ভিডিওতে সয়লাব হয়ে যায়। মোদির এই মিমের প্রতি সচেতনতার প্রশংসাও করছেন অনেকে।
মূলত মোদি ও মেলোনির পদবি মিলিয়ে তৈরি হওয়া ‘#মেলোডি’ ট্রেন্ডটি প্রায় তিন বছর ধরে চলে আসছে। ২০২৩ সালে দুবাইতে কপ২৮ জলবায়ু সম্মেলনের সময় এই শব্দবন্ধটি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায়। সে সময় মেলোনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘কপ২৮-এ ভালো বন্ধুরা #মেলোডি।’ সেই একটি পোস্টই ইন্টারনেট দুনিয়ায় মিমের বন্যা বইয়ে দিয়েছিল। এরপর থেকে জি৭ সম্মেলনসহ আন্তর্জাতিক মঞ্চের যেকোনো বৈঠকে এই দুই নেতার পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে ‘ফ্যান এডিট’, কৌতুক ও রিয়্যাকশন পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগটি বারবার ফিরে এসেছে।
অনেক ভারতীয় ব্যবহারকারীর জন্য এই মুহূর্তটি এক ধরনের নস্টালজিয়া বা পুরোনো স্মৃতিকেও জাগিয়ে তুলেছে। পার্লে প্রোডাক্টসের তৈরি এই টফিটি ভারতের একটি জনপ্রিয় মিষ্টি হিসেবে পরিচিত।
রিপোর্টারের নাম 























