স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের ‘ওয়াশ’ (ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) প্রকল্পের প্রধান পিটার জর্জ এল মেস। বৈঠকে মন্ত্রী জানান, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এই সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সোমবার (১৮ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
এলজিআরডি মন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, বিশেষত রাজধানী ঢাকা শহরে।” এসময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























