বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ড্যাভিড পাইন সম্প্রতি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান।
উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত এই ফলপ্রসূ আলোচনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে বিশদ আলোচনা হয়।
সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের হাইকমিশনার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
জবাবে উপদেষ্টা হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
রিপোর্টারের নাম 
























