আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সকল ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
তবে, ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার স্বার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।
এই দুই দিনে ব্যাংক শাখাগুলোতে অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।
রিপোর্টারের নাম 
























