বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চুরির সঙ্গে জড়িত একটি চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রবিবার (১৭ মে) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)। সিটিটিসি সূত্রে জানা গেছে, কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা গভীর রাতে বিটিসিএলের কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে কৌশলে ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে যেত। চোরাই তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের মূল্যবান তামা বের করে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো বলে তারা জানায়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















