ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিবের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোসলেহ উদ্দিন আহমদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ২৪ অক্টোবর তিনি ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এর আগে গত ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (DMP), চট্টগ্রাম মহানগর পুলিশে (CMP) দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
পেশাগত জীবনে মোসলেহ উদ্দিন আহমদ জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৩ মে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হিসেবেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রিপোর্টারের নাম 
























