সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সম্পাদকসহ মোট ১৩টি পদে জয়ী হয়েছে তারা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল (সবুজ প্যানেল) মাত্র ১টি সদস্য পদে জয় পেয়েছে এবং এনসিপি সমর্থিত প্যানেল কোনো পদেই জয়ী হতে পারেনি।
তবে, রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় সাধারণ আইনজীবী ও বিশ্লেষকদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ফলে বিগত বছরগুলোর তুলনায় এবার ভোটারদের আগ্রহ ও সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে দুই দিনে মাত্র ৪,০৪৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথম দিনে ১৭৭১ জন এবং দ্বিতীয় দিন ২২৭৭ জন আইনজীবী ভোট দিয়েছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি বিভিন্ন কারণ দেখিয়ে তাদের প্রায় ৪২টি মনোনয়নপত্র বাতিল করে। প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে সাধারণ আইনজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ থাকলেও, বড় একটি অংশের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে এর একটি বিরূপ প্রভাব পড়ে।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন— সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে ব্যারিষ্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী বিজয়ী হয়েছেন। ৭টি সদস্য পদের একটিতে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মামুন মাহবুব বিগত বছরগুলোর বারের নির্বাচন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, আইনের অজুহাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















