ইসরাইলের কারাগারে ৪৭ বছর বয়সী ফিলিস্তিনি বন্দি ইমাদ রাজিহ সারহানের মৃত্যু হয়েছে। তার পরিবারকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের দাবি, এটি ইসরাইলি কারাগারগুলোতে ‘চিকিৎসা অবহেলা ও পদ্ধতিগত নির্যাতনের’ ফল।
তথ্য অনুযায়ী, সারহান ২০০১ সাল থেকে গিলবোয়া কারাগারে বন্দি ছিলেন এবং আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন। সংগঠন দুটির অভিযোগ, কারাবন্দি জীবনের শুরুর দিকে তাকে দীর্ঘ সময় ধরে কঠোর জিজ্ঞাসাবাদ ও ‘পদ্ধতিগত নির্যাতন’ সহ্য করতে হয়েছে, যার ফলে তার শরীরে গুরুতর ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। তাকে একাধিকবার দীর্ঘ সময়ের জন্য একাকী সেলেও রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
ফিলিস্তিনি সংগঠনগুলোর ভাষ্যমতে, বছরের পর বছর আটকাবস্থা, নির্যাতন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে সারহান দীর্ঘমেয়াদি হৃদরোগ, ধমনি-সংক্রান্ত জটিলতা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। স্বাস্থ্য পরিস্থিতির অবনতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হতো। গাজায় চলমান গণহত্যা শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে এসব নীতির মাত্রা আরও বেড়েছে বলেও তারা দাবি করেন। তবে এ অভিযোগের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 




















