জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মজনু ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে মা ও ছোট ভাইয়ের সঙ্গে ধান কাটছিলেন মজনু। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শান্ত স্বভাবের এই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























