ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার ভোরে জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সোহেল মিয়া এবং ২৯টি মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে একটি সুজুকি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে নেমে এই চক্রের সন্ধান পাওয়া যায়। প্রথমে মানিককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাত্রদল নেতা আশিক মিয়ার বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা ছাত্রদল নেতৃত্ব।
রিপোর্টারের নাম 

























