বাগেরহাটে পারিবারিক কলহের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আম্মার শেখ (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত শেষ রাতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক আলী আব্দুল্লাহকে (২৩) রক্তমাখা ছুরিসহ আটক করেছে পুলিশ। নিহত আম্মার ওই এলাকার তাসলিম মাহমুদের ছেলে এবং অভিযুক্ত আব্দুল্লাহ সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে দুই ভাই একসঙ্গে ঘুমাতে যান। রাত ১টার দিকে পারিবারিক লেনদেন ও তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মারের বুক, ঘাড় ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 

























