নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নৃশংসভাবে খুন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ মে) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সংলগ্ন ফাজিল মুন্সিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহন (৩২), তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোহন ও তার বড় ভাই উজ্জ্বলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। ঘটনার দিন সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো বটি এনে মোহনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মোহন গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে উজ্জ্বল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা বটি উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘাতক উজ্জ্বলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























