কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পীরপুর-ভাগলপুর-সরারচর এবং পৌর এলাকার বিভিন্ন রাস্তা গত কয়েক বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী যাতায়াতের প্রধান পথটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
পৌর শহরের পশু হাসপাতাল মোড় থেকে রাবারকান্দি পর্যন্ত সড়কের অবস্থা আরও শোচনীয়। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। পচা ও দূষিত পানির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসী নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মথুরাপুর বটতলা থেকে মোরগ মহল পর্যন্ত সড়কটির বড় বড় গর্তের কারণে সিএনজি, অটোরিকশা ও অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও পৌরসভাকে বিষয়টি জানানো হলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ধুলোবালি আর কাদার যন্ত্রণায় অতিষ্ঠ স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা দ্রুত এই সড়কগুলো মেরামতের জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























