নেত্রকোনার মদন উপজেলায় পাচারকালে ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে এই চালের চালানটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক শামীম মিয়া ও সহকারী শাহিন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে ট্রাকটি বারহাট্টা উপজেলার একটি রাইস মিলের উদ্দেশে রওনা হয়েছিল। পাচারের বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। ট্রাক চালক চালের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করা হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই সরকারি চালগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মদন থানার পুলিশ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























