চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের এক বিশেষ অভিযানে ২৩টি মাদক মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খোরশেদ আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার ‘চৌধুরী মঞ্জিল’ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তির নাম বোরহান উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস এবং বোরহান উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খোরশেদ আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন এবং তার বিরুদ্ধে আগে থেকেই ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক সম্রাট খোরশেদ আলম ইতিপূর্বে একটি মামলায় এক বছর আট মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























