পাবনার ঈশ্বরদীতে এক অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার বাহন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানার জয়নগর শিমুলতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত চালকের নাম মো. আকাশ (১৯), তিনি উপজেলার উত্তর বাঘইল এলাকার মো. সামসুলের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রীবেশে দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তি লিচুর ঝুড়ি বহনের কথা বলে আকাশের অটোরিকশাটি ভাড়া নেয়। তারা জয়নগর শিমুলতলা বাজার থেকে কিছু দূর যাওয়ার পর নির্জন স্থানে আকাশের মুখ বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে ফেলে রেখে অটোরিকশা ও একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় তারা।
আহত আকাশকে উদ্ধার করে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 

























