গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় মৃদুল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৃদুল খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশায় করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। পথে ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃদুল শেখ প্রাণ হারান এবং রিকশাচালক সামিউল মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত রিকশাচালককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 
























