বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় এবং তা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য বলা হয়।
ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকার ৫২ নম্বর ক্রমিকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নাম রয়েছে। নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার ওই নামের পাশে তিনটি লাল তারকা চিহ্ন প্রদর্শন করা হচ্ছে। লাল তালিকাভুক্ত করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর মালিকানাসংক্রান্ত দ্বন্দ্ব ও মামলা চলমান রয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ে কমিশন অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত আসনে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনের নির্দেশনা অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১১ ধারা অনুযায়ী ১২ বছর অতিক্রান্ত হওয়ার পরেও নির্ধারিত পরিমাণের কম জমিতে নির্মিত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র মতে, ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয় একইভাবে লাল তারকা চিহ্নিত রয়েছে ইউজিসির ওয়েবসাইটে। এছাড়া দুটি করে দুই তারকা এবং তিন তারকা চিহ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সতর্ক করার জন্যই মূলত এই ধরনের চিহ্ন দেওয়া হয় বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























