কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি সিরিক ও কেশমে ইরানি স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত বরদাশত করা হবে না।
এদিকে, বর্তমান উত্তেজনা এবং পূর্ববর্তী সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত কারিগরি আলোচনা বর্জন করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজায়েলি জানান, ওয়াশিংটনের সাম্প্রতিক বৈরী আচরণ এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণেই তেহরান এই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















