প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের কাছে আরও দৃশ্যমান করতে হবে। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি শান্তিকালীন, দুর্যোগকালীন, সংকটকালীন পরিস্থিতিসহ যেকোনো জাতীয় প্রয়োজনে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন প্রতিরক্ষা উপদেষ্টা। পরিদপ্তরে পৌঁছালে এর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তাকে স্বাগত জানান। এসময় প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে পরিচালক, আইএসপিআর প্রতিরক্ষা উপদেষ্টাকে পরিদপ্তরের সার্বিক কার্যক্রম, দায়িত্বপরিধি, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় সাধন, সংবাদ পরিবেশন প্রক্রিয়া, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার চলমান উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিপোর্টারের নাম 

























