তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি এবং জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একইসঙ্গে, সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
মতবিনিময় সভায় মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে থাকা সক্ষমতাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারলে প্রশাসনের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন ছড়িয়ে থাকা আলোকে লেজারে রূপান্তর করলে তার শক্তি বহুগুণ বেড়ে যায়, তেমনি সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রশাসন আরও উৎপাদনশীল হয়ে উঠবে। তথ্যের স্বচ্ছতা না থাকলে অযথা সন্দেহ তৈরি হয়, তাই মন্ত্রণালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন। তিনি কর্মকর্তাদের মুক্তভাবে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরির ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 
























