এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জয় বাংলা’ থেকে ‘জাতীয়তাবাদ’ – কেবল স্লোগান বদলেছে, কিন্তু সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। তিনি অভিযোগ করেন, পূর্বে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে হামলা করা হতো, আর বর্তমানে ‘জাতীয়তাবাদ’ স্লোগান তুলে একই ধরনের আগ্রাসন চালানো হচ্ছে। এছাড়াও, দেশের বিভিন্ন প্রান্তে নীরবে চাঁদাবাজি চলছে এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মঞ্জু আরও বলেন, পূর্বে প্রশাসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন তা বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। নির্বাচন-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যা জনগণের উদ্বেগ বাড়াচ্ছে। যদিও শিক্ষার্থীরা রাস্তায় নেমে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন, তবুও আমরা একটি স্থিতিশীল পরিবেশের পর নির্বাচন চেয়েছিলাম।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি তাদের ৩১ দফার কথা বলে আবার পুরনো অবস্থানে ফিরে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির প্রায় ৬ হাজার নেতাকে বহিষ্কার করতে হয়েছে। এরপরও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি, বরং বেড়েছে। এই তিন মাসের সরকার ৪৫ হাজার কোটি টাকা ঋণ করেছে এবং এরই মধ্যে ৪০০-এর বেশি শিশুকে আমরা হারিয়েছি।
বাজার, থানা ও প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি এবং প্রভাবশালী মহলের অপতৎপরতার অভিযোগ তুলে মঞ্জু হুঁশিয়ারি দেন যে, কারা পুলিশে দুর্নীতি করছে এবং সচিবালয়ে পোস্টিং বাণিজ্য করেছে, সেই সব তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে এবং দুর্নীতির একটি শ্বেতপত্রও প্রকাশ করা হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারসহ বিভিন্ন খাতে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং থানার ভেতরে সংঘটিত হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
রিপোর্টারের নাম 





















