চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ছদাহা ইউনিয়নের পাহাড়ি এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবম ও অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে হেনস্তা করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে দ্রুত অভিযানে নামে পুলিশ। রাত ১১টার দিকে অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ভিকটিমদের প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 
























