সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য ও পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রতন মিয়া (২৭) স্থানীয় বিএনপি নেতা শাহদ্বীপ মেম্বারের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহদ্বীপ মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান ছিল। ঘটনার সপ্তাহখানেক আগে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার ভাটিপাড়া বাজার থেকে আলীনগর আসার পথে শাহদ্বীপকে পথরোধ করে মারধর করেন মুহিত মিয়া ও তার লোকজন। এর প্রতিবাদে শাহদ্বীপের লোকজন দলবল নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে আহতদের সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়া (২৭) মারা যান। এছাড়া সংঘর্ষে আব্দুল মুহিত পক্ষের প্রায় ২০ জন এবং শাহদ্বীপ পক্ষের কয়েকজন আহত হন, যারা সুনামগঞ্জ সদর হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 





















