মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রাক্কালে দক্ষিণ কোরিয়ায় এক গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনায় মিলিত হয়েছে বেইজিং ও ওয়াশিংটনের প্রতিনিধিদল। বুধবার সিউলের নিকটবর্তী ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক শুরু হয়। মূলত দুই দেশের শীর্ষ নেতাদের আসন্ন সম্মেলনে সম্ভাব্য ঘোষণা ও সমঝোতার চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। গত বছর দুই দেশের মধ্যে শুরু হওয়া তীব্র বাণিজ্যিক উত্তেজনার পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ। এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াতেই ট্রাম্প ও সি চিনপিং এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখতে সম্মত হয়েছিলেন, যার ধারাবাহিকতায় বর্তমান এই আলোচনা চলছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে তার সঙ্গে টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মতো প্রভাবশালী ব্যবসায়িক নেতারাও অংশ নিচ্ছেন। বৈঠক শেষে প্রতিনিধিদলের বেইজিং যাওয়ার কথা রয়েছে। এই আলোচনার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন নিরসনে নতুন কোনো পথ উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 























